রিও অলিম্পিকে নিজের সেরাটা দিতে পারলেন না স্প্রিন্টার শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে আট জনের মধ্যে পঞ্চমস্থান অধিকার করেছেন বাংলাদেশের এই দ্রুততম মানবী।

১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ১২.৯৯ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হয়েছেন শিরিন। যা তার সেরা টাইমিংয়ের থেকে পুরো ১ সেকেন্ড বেশি সময়। তিনি গত এসএ গেমসে ১১.৯৯ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেছিলেন।

রিওতে যাওয়ার আগে শিরিন নিজেকে ছাপিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করলেও ব্যর্থ হয়েছেন। অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে এক নম্বর হিটে দৌড়াতে নামেন শিরিন। আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। ফলে মূল হিটে যাওয়ার আগেই প্রাক-বাছাই পর্ব থেকে বাদ পড়তে হলো বাংলাদেশের সেরা এই দৌড়বিদকে।

অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে নিজের সেরাকে ছাপিয়ে যেতে পেরেছেন মাহফিজুর রহমান সাগর। তিনি বৃহস্পতিবার ৫০ মিটার ফ্রিস্টাইলে হিটে ২৩.৯২ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে জাতীয় পর্যায়ে তার সেরা টাইমিং ছিল ২৪.০২ সেকেন্ড।

 

এমএনজে