চ্যাম্পিয়নস লিগের সাবেক দুই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের ঘরোয়া লিগে খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র প্রথম লেগের লড়াইয়ে এই দুটি দল নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছিল। তাতে গতবারের রানার্স-আপ বরুসিয়া সফল হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আবারো ব্যর্থ হয়েছে।
নতুন ম্যানেজার ডেভিড ময়েসের অধীনে এবারের মৌসুমটা মোটেই ভাল যাচ্ছে না ইউনাইটেডের। তার উপর মঙ্গলবার গ্রীক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়ে এখন ইউরোপ থেকেও ছিটকে পড়ায় আশঙ্কায় পড়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তিন সপ্তাহ পরে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি ম্যাচে দারুণভাবে ফিরে আসতে না পারলে এবারও শিরোপাটা অধরাই রয়ে যাবে।
গত আসরের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়ে সন্তুষ্ঠ থাকা বরুসিয়া নিজেদের লিগে সফল না হলেও গতকাল রাশিয়ার মাটিতে জেনিট সেইন্ট পিটার্সবার্গকে ৪-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পথে বেশ খানিকটা এগিয়ে গেছে। বুন্দেসলিগায় বর্তমানে শীর্ষে থাকা বায়ার্নের তুলনায় ২০ পয়েন্ট পিছিয়ে রয়েছে বরুসিয়া।
এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকে খুব কম ম্যাচে পরাজিত হয়ে নক আউট পর্ব নিশ্চিত করা তিনটি দলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড একটি। কিন্তু আলেসান্দ্রো ডমিনগুয়েজ এবং আর্সেনাল থেকে ধারে খেলতে আসা কোস্টা রিকার জোয়েল ক্যাম্পবেলের কার্লিং শট ইউনাইটেডের স্বপ্ন অনেকটাই গুড়িয়ে দিয়েছে। তবে নক আউট পর্বে শেষ ১৫টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয়ী হয়েছে ইউনাইটেড। এই পরিসংখ্যান থেকে ময়েস বাহিনী কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই পর্বে পরাজিত হয়েছিল তারা।
গত মৌসুমের শেষে স্যার এ্যালেক্স ফার্গুসনের স্থলাভিষিক্ত ময়েস এই ধরনের পারফমেন্সকে দু:খজনক হিসেবেই দাবি করেছেন। তিনি বলেন, এটা নিশ্চিত যে এখন পর্যন্ত ইউরোপে খেলা এটাই আমাদের সবচেয়ে বাজে পারফরমেন্স। এটা সত্যিই একেবারেই বাজে পারফরমেন্স ছিল। শুরু থেকেই আমরা নিজেদের ছন্দ হারিয়ে ফেলি। এই ধরনের পারফরমেন্সের পরে আমাদের কোন কিছু প্রাপ্য থাকার কথা না। এর সব দায় দায়িত্ব আমি নিচ্ছি, দলটি আমার। আমরা আজ রাতে মোটেই ভাল খেলতে পারিনি । কিন্তু এর থেকে বেরিয়ে এসে আমাদের অবশ্যই ভাল করতে হবে। সেটা করার ব্যপারে আমাদের নিজেদেরও উপলব্ধি হয়েছে।
বর্তমানে প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের তুলনায় ১১ পয়েন্ট পিছিয়ে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিযনস লিগে অংশগ্রহণই এখন ইউনাইটেডের জন্য কঠিন হয়ে গেছে।
এদিকে ময়েসের প্রতিদ্বন্দ্বী স্পেন এবং রিয়াল মাদ্রিদর সাবেক মিডফিল্ডার অলিম্পিয়াকোসের কোচ মিশেল এই ফলাফলে দারুণ খুশী। কিন্তু একইসাথে জানিয়েছেন ১৯৯৯ সালের পরে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে তাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
এদিকে দিনের অপর ম্যাচে শুরু থেকেই বরুসিয়া যেভাবে নিজেদের এগিয়ে নিয়েছিল তা শেষ পর্যন্ত ধরে রেখে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। গত ডিসেম্বর থেকে কোন ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ না নেয়ার বিষয়টি জেনিটের ম্যাচে দারুণ প্রভাব ফেলেছিল। প্রথম পাঁচ মিনিটের মধ্যে মার্কো রেয়াসের সহায়তায় হেনরিক মাখিটারিয়ান এবং পরে রেয়াস নিজেই গোল করে বরুসিয়াকে এগিয়ে দেন। যদিও বিরতির পরে দুই গোল শোধ করে জেনিট ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পোলিস তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানোদোস্কি শেষ পর্যন্ত দুই গোল করে স্বাগতিকদের আর কোন সুযোগই দেননি।