আজ বৃহস্পতিবার সাও পাওলোতে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করবেন একজন জাপানি রেফারি। তার নাম ইউচি নিশিমুরা। বুধবার ম্যাচ অফিসিয়াল হিসেবে তার নাম ঘোষণা করে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
জাপানের টোকিওতে জন্ম নেয়া ৪২ বছর বয়সী এই রেফারিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে সহায়তা করবেন তরু সাগারা ও তোশিকি নাগি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিতে আরও একজন এশিয়ান থাকছেন। তিনি ইরানের রেফারি আলিরেজা ফাগানি। চতুর্থ রেফারি হিসেবে তার নাম ঘোষণা করেছে ফিফা।
নিশিমুরা এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও চারটি ম্যাচ পরিচালনা করেছিলেন। যার মধ্যে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ ব্যবধানে ব্রাজিলের হারের ম্যাচটিও ছিল। ওই ম্যাচের ৭৩ মিনিটে আরজেন রবেনকে কড়া ট্যাকলের দায়ে সেলেকাও তারকা ফিলিপ মেলোকে লালকার্ড দেখিয়েছিলেন জাপানিজ এই রেফারি।
ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই





