টোকিও অলিম্পিকে বাংলাদেশের ১ম ক্রীড়াবিদ হিসেবে গেমস থেকে ছিটকে গেলেন শুটার আব্দুল্লাহ হেল বাকি।

আইওসি এবং স্বাগতিক জাপানের নিয়ম অনুযায়ী বাদ পড়ে যাওয়া ক্রীড়াবিদ ও তার সংশ্লিষ্টরা দুই দিনের বেশি ভিলেজে থাকতে পারবেন না। ফলে দুই দিনের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বাকি ও তার কোচ৷

এদিকে বাকির দেশে ফেরা নিশ্চিত হওয়ার দিন টোকিওর উদ্দেশ্যে রওনা হচ্ছেন অ্যাথলেট জহির রায়হান।

আজ রোববার (২৫ জুলাই) বিকেল সোয়া ৬ টায় কাতার এয়ারওয়েজে টোকিওর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

অ্যাথলেট জহির রায়হানের সঙ্গে যাবেন কোচ আব্দুল্লাহ হেল কাফি ও টিম লিডার হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তাদের সফরসঙ্গী সাঁতারের কোচ নিবেদিতা দাস।

সাবেক দ্রুততম মানব আব্দুল্লাহ হেল কাফির ২০০৪ এথেন্স অলিম্পিক খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি। ক্রীড়াবিদ হিসেবে না পারলেও কোচ হিসেবে অলিম্পিকে যাচ্ছেন।

যদিও তার প্রকৃত শিষ্য শিরিন আক্তার এবার অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পাননি। কাফি জহিরকে অনুশীলন করিয়েছেন শেষ মুহূর্তে। অলিম্পিকের প্রস্তুতিতে এত কোচ বদলে জহিরের টাইমিংয়ে কেমন প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়।

সাঁতারু আরিফ ৫ দিন আগে পৌছালেও আরেক সাঁতারু লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ পৌছাবেন আগামীকাল সোমবার। কোচ নিবেদিতাও অ্যাথলেটিক দলের সঙ্গে আগামীকাল টোকিও পৌঁছাবেন।

এইচএন