জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে বিধ্বংসী ছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুর্দান্ত পারফর‌ম্যান্স করে "ম্যান অব দ্য ম্যাচ" পুরস্কার জিতে নিলেন তিনি।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগের ম্যাচের মতো ব্যাট হাতে অনুজ্বল ছিলেন মাশরাফি। কিন্তু বল হাতে জিম্বাবুয়ের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে একটি ক্যাচও ধরেন।

এদিন ব্যাট হাতে ৯ বলে মাত্র ৬ রান করে বাংলাদেশের সপ্তম ও শেষ উইকেট হিসেবে সাজঘরে ফিরে যান মাশরাফি।

ব্যাটে ব্যর্থ হওয়ায় যেন ক্ষেপে গেলেন টাইগার নেতা। বল হাতে ওপেনিং ওভারেই উইকেট তুলে নেন তিনি। প্রথম ওভারের শেষ বলে তার বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে মাঠ থেকে বিদায় নেন হ্যামিল্টন মাসাকাদজা।

সপ্তম ওভারের শেষ বলে আবার আঘাত হানেন তিনি। ওয়ানডাউনে নামা সিবান্দাকেও বোল্ড করেন। নবম ওভারের তৃতীয় বলে তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফিরে যান উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান সিকান্দার রাজা। এবারও বোলার মাশরাফি। তবে বোল্ড না মাহমুদুল্লাহর হাতে ক্যাচ আউট হন রাজা।

আল আমিন হোসাইনের বলে ক্যাচ তুলে দেন চাকাভবা। সেটি তালুবন্দী করেন দলনেতা মাশরাফি। তার দুর্দান্ত পারফরম্যান্সে টাইগাররা জিতেছে ৬৮ রানের ব্যবধানে। সেই সঙ্গে সিরিজে ২-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

জেডআই