ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়টি শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। আর এই সিদ্ধান্তে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন দলটির সাথে বড় মাপের চুক্তিতেই স্বাক্ষর করেছেন এই তারকা।
রুনির সাথে ইউনাটেডের আগের চুক্তির মেয়াদ আর মাত্র ১৮ মাস বাকি ছিল। গত বছর ট্রান্সফার উইন্ডোতে চেলসির মূল লক্ষ্য ছিলেন তিনি। মৌসুমের শেষে ইউনাইটেড ছেড়ে দেবারও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৯ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ এই স্ট্রাইকার। সূত্রমতে জানা গেছে ২৮ বছর বয়সী রুনিকে দলে রেখে দেবার জন্য ইউনাইটেডকে সপ্তাহে তিন লাখ পাউন্ড (৪ লাখ ৯৮ হাজার ৮৪০ মার্কিন ডলার এবং ৩ লাখ ৬৩ হাজার ৫৩৪ ইউরো) গুনতে হবে। এছাড়া অবসর গ্রহণের পরে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের দূত হিসেবে ক্লাবেই থেকে যাবার সিদ্ধান্ত রুনি নিয়েছেন।
এ সম্পর্কে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চার বছরের চুক্তি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন রুনি। এর ফলে ২০১৯ সাল পর্যন্ত সে এই ক্লাবেই থাকবে। এছাড়া ফুটবল থেকে অবসর গ্রহণের পরে সে ক্লাবের দূত হিসেবে কাজ করবে।’
ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই রুনি টুইটারে বিষয়টি নিশ্চিত করেছিলেন। শেষ পর্যন্ত চুক্তি সব বিষয়ে সমঝোতায় আসতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে এভারটনের সাবেক এই তারকা নতুন প্রজন্মের কাছে ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে আগ্রহ সৃষ্টির সুযোগ পাওয়াটাকেও চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেই তিনি মন্তব্য করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি ইউনাইটেডের সাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী আগস্টে ক্লাবের সাথে আমার সম্পর্কের ১০ বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে আমি বেশ কিছু অসাধারণ খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ পেয়েছি এবং প্রথম চুক্তির সময় আমি যে বিষয়গুলো অর্জণ করতে চেয়েছি তার সবকিছুই এই সময়ের মধ্যে আমি পেয়েছি। এখন ক্লাবের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে নতুনদের মধ্যে ক্লাবের প্রতি আগ্রহ সৃষ্টির সুযোগ লাভ করেছি। এটাও আমার ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমর্থকরা সবসময়ই ক্লাবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রথমদিন থেকে তারা আমাকে যেভাবে সমর্থন করেছে তা সত্যিই অসাধারণ ছিল। সারা বিশ্বের সকল ইউনাইটেড সমর্থকদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে আরেকটি সাফল্যজনক অধ্যায়ের শুরুর অপেক্ষায় এখন আমি মুখিয়ে আছি।’
এদিকে রুনিকে দলে রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ইউনাইটেড ম্যানজোর ডেভিড ময়েস। এই কোচের হাত ধরেই এভারটনে রুনির পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। গত বছর স্যার এ্যালেক্স ফার্গুসনের স্থলাভিষিক্ত হবার পর থেকেই ময়েস দেখেছেন রুনিকে নিয়ে বিভিন্ন ক্লাব কিভাবে তাদের আগ্রহ দেখিয়েছি। এ সম্পর্কে ময়েস বলেছেন, সে একজন অসাধারন খেলোয়াড়। সব ক্লাবই এই ধরনের একজন খেলোয়াড়কে তাদের ক্লাবে দেখতে চায়। বিভিন্ন ক্লাব আগ্রহ প্রকাশ করলেও আমার দেখামতে রুনি নিজে কখনই ইউনাইটেড ছেড়ে যাবার আগ্রহ প্রকাশ করেনি।
২০০৪ সালের আগ্রস্টে এভারটন থেকে রুনি ম্যান ইউতে যোগ দেন। এ পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে ৪৩০টি ম্যাচ খেলে ২০৮টি গোল করেছেন। ক্লাবের সর্বকালের সেরা গোল স্কোরারের রেকর্ডের মধ্যে রুনি আছেন চতুর্থ স্থানে। তার আগে রয়েছেন ববি চার্লটন (২৪৯), ডেনিস ল (২৩৭) এবং জ্যাক রাউলি (২১১)।