অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অর্ধ শতকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ভারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন ধোনি (৬১) ও রাইদু (৪২)।

মান বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার এদিন ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন। ফলে উইকেট পেতে ৬ ওভারেরও বেশি সময় অপেক্ষা করতে হয় টাইগারদের।

অবশেষে সপ্তম ওভারের শেষ বলে রোহিতকে বিদায় করে দেন টাইগার যাদু মুস্তাফিজুর রহমান। তার বল ঠেকাতে গিয়ে উইকেটরক্ষক লিটন কুমারের হাতে ক্যাচ তুলে দেন ২৯ বলে ২৯ রান করা রোহিত।

ওয়ানডাউনে নামা কোহলিকে নিয়ে রানের চাকা ঘুরিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। এতে তাদের জুটিতে থেকে আসে ৭৫ রান।

এই জুটিকে আর বাড়তে দেননি বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। ২০তম ওভারের পঞ্চম বলে কোহলিকে সরাসরি বোল্ড করে দেন তিনি। ৩৫ বলে মাত্র ২৫ রান জুটল কোহলির ভাগে।

হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ধাওয়ানকে শিখর থেকে মাটিতে নামিয়ে দেন মাশরাফি ও নাসির। মাশরাফির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাসিরের অসাধারণ ক্যাচে পরিণত হন ৭৩ বলে ৭৫ রান করা এই ব্যাটসম্যান।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জেডআই