পুরুষ এককে চায়না ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। তার পথ অনুসরণ করে শেষ আট নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ, চতুর্থ বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ষষ্ঠ বাছাই স্কটল্যান্ডের অ্যান্ডি মারে।

প্রায় ১৩ সপ্তাহ পর চায়না ওপেন দিয়ে আবারো টেনিস কোর্টে ফিরেন নাদাল। দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা নাদাল পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানির অবাছাই পিটার গোজাবেজিক দুই সেটেই হারিয়ে দেন নাদাল। প্রথম সেট ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পান ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল।

নাদালের মত সহজ জয় পেয়েছেন বার্ডিচও। সার্বিয়ার অবাছাই ভিক্টর ট্রয়চকিকে ৬-৩ ও ৬-৪ গেমে হারের লজ্জা দেন বার্ডিচ।

হেসে খেলে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন চলতি বছরের ইউএস ওপেন জয়ী চিলিচ। অপেক্ষাকৃত কম শক্তিশালী পর্তুগালের হোয়াও সুসা মুখোমুখি হন চিলিচ। তাই জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি তাকে। ৬-২ ও ৬-২ গেমে জিতে শেষ আটে নাম লেখান চিলিক।

সহজ জয় দিয়ে শেষ আট নিশ্চিত করেছেন মারেও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুগুয়ের অবাছাই পাবলো কুইভাসকে প্রতিপক্ষ হিসেবে পান মারে। প্রথম সেট ৬-২ গেমে জিতে ম্যাচে লিড নেন মারে। আর দ্বিতীয় সেটও একই ব্যবধানে জিতে ম্যাচের ইতি টানেন মারে।

জেডআই