টেস্ট ক্রিকেটে আরো একটি ডাবল সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এই নিয়ে টেস্টে ১১টি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে অবসর নিতে চান তিনি।
আগামী বিশ্বকাপের পর সর্বপ্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান সাঙ্গাকারা। সে হিসেবে ওয়েলিংটনে চলমান ম্যাচই তার শেষ টেস্ট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বেসিন রিভার্স টেস্টে ২০৩ রানের ইনিংস খেলে সাঙ্গাকারা জানালেন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছার কথা।
টেস্টে ১২টি ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্র্যাডম্যান। আর মাত্র একটি ডাবল সেঞ্চুরি হলেই ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসাবেন সাঙ্গা। এরপর নিজেকে একক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ থাকবে তার।
টেস্ট ক্রিকেটে গত বছর সর্বোচ্চ ১৪৯৩ রান করা সাঙ্গাকারা চলতি বছরের শুরুতেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এবং সবচেয়ে কম সময়ে ১২ হাজার রান পূর্ণ করেন।
তার ২০০’র বেশি রান করা ইনিংস গুলোর মধ্যে পাঁচটিই এসছে দেশের বাইরে। ফলে এ ক্ষেত্রে ব্র্যাডম্যান, লেন হাটন এবং ব্রায়ান লারার রেকর্ড স্পর্শ করেন তিনি।
ভারতের শচিন টেন্ডুলকার (৫১), দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস (৪৫) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের (৪১) পর টেস্টে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৩৮ সেঞ্চুরির মালিক এখন সাঙ্গাকারা।
শীর্ষ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ব্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং ৫৮.৯২ গড়ের মালিক সাঙ্গাকারা।
চলতি বছর পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন সাঙ্গাকারা।
জেডআই





