চেলসির বিপক্ষে এবারও জয় খরা কাটাতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো সাবেক শিষ্যদের কাছে ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের স্বাদ পেলেন ম্যানইউ কোচ মরিনহো। স্ট্যাম্পফোর্ড ব্রিজ থেকে ৪-০ ব্যবধানে হেরে ফিরতে হলো ইব্রাহিমোচ-পগবাদের।
আগের সাত ম্যাচে জয়ের রেকর্ড নিয়ে ঘরের মাঠে খেলতে নামা চেলসিকে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে দেন পেদ্রো রদ্রিগেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ম্যাচের ৩১ সেকন্ডে গোল করেন বার্সার সাবেক এই তারকা। ইপিএলের এবারের মৌসুমের এটাই দ্রুততম গোল।
ম্যাচের ৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ম্যানইউ। তবে ইব্রাহিমোচের হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারি ক্যাহিল। কর্নার থেকে উড়ে আসা বল ভালেন্সিয়া হেডে বিপদমুক্ত করতে না পারলে ফাঁকায় থাকা ক্যাহিল জোরালো ভলিতে তা জালে পাঠান। ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। তবে উল্টো ম্যাচের ৬২ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে ৩-০ তে এগিয়ে দেন হ্যাজার্ড। আট মিনিট পর ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কান্তে। চেলসির হয়ে এটা তার প্রথম গোল।
এ জয়ে নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। আর সমান সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ম্যানইউ।
এমএনজে





