সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একটি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখতে পেরেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

গতকাল শনিবার ( ৪ সেপ্টেম্বর ) দলটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। তবে সকল খেলোয়াড়কে একসঙ্গে পাঠাতে পারেনি আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

তালেবান সেদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই আফগান ক্রিকেট দলের প্রথম কোনো বিদেশ সফর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ টি একদিনের এবং ১ টি চার দিনের ম্যাচ খেলবেন অতিথিরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘আফগান যুব দলের ৮ জনের প্রথম গ্রুপ শনিবার এসেছে।

বাকি খেলোয়াড়রা আসবে ২ টি গ্রুপে ভাগ হয়ে। গতকাল ঢাকায় নেমেই সিলেটে চলে গেছেন আফগানরা।’

প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর এই সময়ের মধ্যে কোনো সিরিজ খেলা হয়নি বাংলাদেশের যুবাদলের। করোনার কারণে সবই স্থগিত ছিল।

দেড় বছরের বেশি সময় পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে যুবাদের ২০২১ সালের মিশন।

আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ১০-২৫ সেপ্টেম্বর একই ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এইচএন