বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিকে পাকিস্তানের ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দেওয়ার প্রস্তাব করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।
পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি মামনূন হুসাইনের কাছে স্যামির নাগরিকত্বের বিষয়ে প্রস্তাব দিয়েছেন জাভেদ আফ্রিদি। বিদেশী কোনো নাগরিককে ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দেওয়ার একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রপতির। তবে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তা প্রকাশ করেনি পাকিস্তানের গণমাধ্যমগুলো।
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে নেতৃত্ব দেয়া ড্যারেন স্যামি পাকিস্তানেও বেশ জনপ্রিয়।
৩২ বছর বয়সি ডানহাতি এ অলরাউন্ডার ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজিত পিএসএলে পোশেয়ার জালমির হয়ে খেলেছিলেন। এমনকি সেখানকার স্থানীয় ভাষা পোশতু আয়ত্ব করেন স্যামি।
পেশেয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি বলেন, ‘আমি রাষ্ট্রপতির কাছে ড্যারেন স্যামিকে ‘সম্মানসূচক নাগরিকত্ব’ দেওয়ার প্রস্তাব করেছি। এতে পাকিস্তান ক্রিকেট ও আমাদের দেশের প্রতি ভালোবাসা বাড়বে।’
বিষয়টি জানার পর স্যামি পোশতু ভাষায় টুইট করেছেন,‘আমি আপনার সম্মানে গর্বিত।’
স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার কারণ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমাদের মাঠগুলো মরুভূমিতে রূপ নিয়েছে। স্যামিকে নাগরিক্ত দেওয়া হলে সে তার কয়েকজন সতর্থীকে নিয়ে আমাদের দেশে আসতে পারে, চাইলে খেলতেও পারে।’
উল্লেখ্য যে, অক্টোবরে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের পাকিস্তান ৩টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করবে না বলে জানিয়ে দেয়।
এমআইএস





