ইনজুরিতে থাকা জুনায়েদ খানের পরিবর্তে রাহাত আলীকে বিশ্বকাপ দলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার খেলার জন্য আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

গত সাত বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রাহাত। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শারজাহ টেস্টের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এই পেসার। এরপরও প্রধান নির্বাচক মঈন খানের পরামর্শে তাকে দলে নেয়ার বিষয় অনুমোদন দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

এই সপ্তাহের প্রথম দিকে লাহোরে জুনায়েদের ফিটনেস পরীক্ষার পর জানা যায়, তিনি বিশ্বকাপে খেলার মতো ফিট না। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকেও বাদ দেয়া হয়েছিল জুনায়েদকে।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার সময় উরুতে চোট পেয়েছিলেন জুনায়েদ। এরপর তাকে দ্রুত সুস্থ্য করার জন্য অনেক চেষ্টা করা হলেও পূর্ণ ফিট হননি তিনি।

রাহাত আলী একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০১২ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। সেবার চার ওভার বল করে ৩৪ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। এছাড়া ১১টি টেস্ট ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন তিনি।

জেডআই