বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা নামছে আগামী রোববার। বিশ্বকাপ ট্রফিটা তো যাচ্ছে জার্মানি বা আর্জেন্টিনার ঘরে। কিন্তু, সেরা খেলোয়াড়ের পদক- গোল্ডেন বল যাচ্ছে কার হাতে? এ প্রশ্ন এখন সবার।
গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে আছেন জার্মানির টমাস মুলার, কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, আর্জেন্টিনার লিওনেল মেসি ও নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন। এই চার তারকার মধ্যে কোনো এক একজনের হাতে গোল্ডেন বল উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টমাস মুলার
জার্মান ফুটবল দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টমাস মুলার। মিডফিল্ডার ও সেন্টার ফরোয়ার্ড দুই জায়গাতেই সমানতালে খেলছেন তিনি। কোচ জোয়াকিম লোও তাকে খেলার সুযোগ করে দিচ্ছেন। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটি আসে এই মুলারের পা ছুঁয়েই। পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পান মুলার। এরই মধ্যে পাঁচ গোল করে গোল্ডেন বলের অন্যতম দাবিদার এই জার্মান। বিশ্বকাপের গত আসরেও পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার গোল্ডেন বুট লাভ করেন মুলার।
জেমস রদ্রিগেজ
কলম্বিয়ার এই তরুণ বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। তার অসাধারণ ড্রিবলিং আর নিখুঁত পাস অনেকের নজর কেড়েছে। পাঁচ ম্যাচে ছয় গোল করে সোনার বল দখলের লড়াইয়ে সবার আগে রদ্রিগেজ। গোল করা এবং করানো দুটোই রয়েছে রদ্রিগেজের খেলায়। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন রদ্রিগেজ। একই সঙ্গে সতীর্থকে দিয়েও করিয়েছেন দুটি গোল।
লিওনেল মেসি
লিওনেল মেসিকে আলাদা করে চেনানোর কিছু নেই। প্রাপ্তির সবটুকু রয়েছে তার ঝুলিতে, শুধু বিশ্বকাপের সোনার ট্রফিটি ছাড়া। এবার সেটাও হয়তো জিতে নিবেন। দলকে একাই ফাইনাল পর্যন্ত টেনে নিয়েছেন। গ্রুপ পর্বে সব ম্যাচে গোল করেছেন মেসি। কোয়ার্টারে গোল করিয়েছেন ডি মারিয়াকে দিয়ে । মেসি যাদুতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে সব আর্জেন্টাইন ও বিশ্বজুড়ে মেসিভক্তরা।
আরিয়েন রোবেন
স্পেন আর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে গোল করেন রোবেন। একইসঙ্গে রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডসের জয়ের নায়ক রোবেন। এরপর কোয়ার্টারেও দলকে নেতৃত্ব দিয়েছেন। পারেননি শুধু সেমিফাইনালে। আর তাতেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে রোবেনর। গত আসরের ফাইনালিস্টদের এবার খালি হাতে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। নেদারল্যান্ডসের সেমিফাইনাল পর্যন্ত তোলার নায়কও গোল্ডেন বল জয়ের অন্যতম দাবিদার।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





