টেনিস খেলোয়াড় হিসিবে ক্যারিয়ারের ইতি টানলেন চাইনিজ তারকা লি না। হাঁটুর ইনজুরির কারণে খুব দ্রুতই টেনিস ব্যাট তুলে রাখার সিদ্বান্ত নিলেন ৩২ বছর বয়সী এই তারকা। চাইনিজ টেনিস ফেডারেশনকে চিঠি দিয়ে শুক্রবার অবসরের কথা জানালেন দু’টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী লি না।
চিঠির মাধ্যমে নিজের অবসর নিয়ে প্রথম কথাতেই তা স্পষ্ট করেন লি না। তিনি বলেন, ‘আমার দেহ আমার কাছে অনবরত মুক্তি চাইছিল। শরীর আগের মত কাজ করছিল না। হাঁটুতে চারবার অস্ত্রোপচার করানো হয়েছে। ব্যথা থাকলে সপ্তাহে একশ’র বেশি ইনজেকশন নিতে হয় আমাকে। আমার পক্ষে এসব আর সহ্য করা সম্ভব হচ্ছে না।’
ইনজুরি সাথে লড়াইয়ে জিততে না পারায় অবসরের সিদ্বান্ত লি না’র। তবে ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছেন তাতে বেশ খুশি এই তারকা খেলোয়াড়, ‘পেশাগত খেলোয়াড় হিসেবে অবসরের সিদ্বান্ত নেয়ার এটাই উপযুক্ত সময়। আমার স্বপ্ন ছিলো দেশের জন্য অনেক কিছু অর্জন করা। যতটুকু করেছি সেটাই আমার জন্য অনেক বড় অর্জন। দেশের হয়ে খেলতে পারাটাই অনেক বড় সম্মানের। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’
র্যাংকিং-এ ষষ্ঠস্থানে থেকেই টেনিস ক্যারিয়ারের ইতি টানলেন লি না। সর্বশেষ ঘোষিত এসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি) র্যাংকিং ষষ্ঠস্থানে ছিলেন তিনি। চারটি গ্র্যান্ড স্ল্যামে অংশ নিলেও, মাত্র দু’বার শিরোপার দেখা পান চীনের এই টেনিস তরুণী। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেন লি না।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





