বিশ্বকাপে ঝলক দেখানো কোস্টা রিকার গোলরক্ষকে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একাদশে জায়গা পাওয়ার জন্য গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সঙ্গে লড়তে হবে তাকে। তবে অভিজ্ঞ তারকা ক্যাসিয়াসের কাছ থেকে শেখার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

স্প্যানিশ ক্লাব লেভান্তেতে গত তিনটি মৌসুম কাটিয়ে এবারের গ্রীষ্ম ট্রান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে এসেছেন ২৭ বছর বয়সী নাভাস। ব্রাজিল বিশ্বকাপে কোস্টা রিকার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পুরস্কার হিসেবেই রিয়াল তাকে বেছে নেয়।

তার আগমনে ইতোমধ্যে রিয়াল ছেড়ে এসি মিলানে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক দিয়াগো লোপেজ। তবে কার্লো আনচেলত্তির মূল একাদশে জায়গা করে নিতে হলে ক্যাসিয়াসের বিপক্ষে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে নাভাসকে।

তবে নাভাস ইঙ্গিত দিয়েছেন এজন্য তিনি ব্ল্যাঙ্কোস অধিনায়কের সাথে প্রতিদ্বন্দ্বী কোন মনোভাব গড়ে তুলতে চান না। শুধুমাত্র দলে মূল জায়গাটি নিজের করে নিতে চান। যেটা সব খেলোয়াড়েরই আশা থাকে। এ সম্পর্কে নাভাস বলেছেন, "লেভান্তেতে আমার সময়টা খুব একটা ভাল যায়নি। আমি চেষ্টা করেছি প্রতিদিনই নিজের উন্নতি করার জন্য। একটি বিষয় আমি দৃঢ় ছিলাম যে হাল ছাড়া যাবে না। অনুশীলনেও নিজেকে নিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। প্রত্যেকের কাছেই নিজেকে দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করেছি। রিয়ালে এসেও আমি এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাব।"

ক্যাসিয়াসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ক্যাসিয়ারের কাছ থেকে অবশ্যই কিছু শেখার চেষ্টা করবো এবং ক্লাবকে শতভাগ দেবার চেষ্টা করবো। এখানে এসে আমি কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলোই নিয়েই আমি কথা বলবো। ভবিষ্যতে কি হবে এ সম্পর্কে কেউই কিছু বলতে পারে না। এই মুহূর্তে আমি পুরো বিষয়টি বেশ উপভোগ করছি।"

দলে অবস্থান পাওয়া নিয়ে তিনি আরো বলেন, "একমাত্র আনচেলত্তি বলতে পারবেন গোলরক্ষক পজিশনে কে খেলবে। আমি জানি আমার কি করতে হবে, এর বাইরে আমি কিছু করতে চাই না। রিয়ালকে শুধুমাত্র আমার ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করাতে চাই।"

ঢাকা,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই