ল্যাঙ্কাশায়ারের ২১ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান ঘরোয়া ক্লাব ম্যাচে ৩৫০ রানের অনন্য এক রেকর্ড গড়েছেন।

লিয়াম লিভিংস্টোনের ঐ ঐতিহাসিক ইনিংসের উপর ভর করে ন্যানউইচ ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশীপে ঘরের মাঠে উত্তর-পশ্চিমের দল ক্যালডির বিপক্ষে ৪৫ ওভারে ৭ উইকেটে ৫৭৯ রান সংগ্রহ করে। লিভিংস্টোন মাত্র ১৩৮ বলে ৩৪টি বাউন্ডারি ও ২৭টি ওভার বাউন্ডারির সহায়তায় বিধ্বংসী এই ইনিংস দাঁড় করান।

ধারণ করা হচ্ছে লিভিংস্টোনের এই ইনিংস ওয়ানডে ক্রিকেটের যে কোন ফর্মে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০০৮ সালে হায়দ্রাবাদে ভারতীয় একটি স্কুল টুর্নামেন্টে ১৫ বছর বয়সী নিখিলেশ সুরেন্দ্রান যে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন সেটাকেও ছাড়িয়ে গেছে লিভিংস্টোনের ইনিংস।

ক্যালডির তিনজন বোলার তাদের নির্ধারিত ওভারে ১০০রও ওপরে রান দিয়েছেন। লিভিংস্টোনের ঐ ইনিংসের বিপরীতে ক্যালডির ইনিংস মাত্র ৭৯ রানেই গুটিয়ে গেলে ন্যানউইচ ৫০০ রানে বিশাল জয় পায়।

এখনো পর্যন্ত অবশ্য লিভিংস্টোনের ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটেনি। গত বছরও চির প্রতিদ্বন্দ্বী ইয়র্কশায়ারের বিপক্ষে তার ২০৪ রানের ইনিংস সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।

জেডআই