স্প্যানিশ ফুটবলে এক মৌসুমে তিন জনে মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড দখলে নিলেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েইনের ১১৮ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মালিক হলেন বার্সা ত্রয়ী।
রোববার রাতে ন্যু ক্যাম্পে কোপা ডেল'রের ফাইনাল ম্যাচে অ্যাথলেটিক বিলবাও'র বিপক্ষে খেলার ২০ মিনিটে মেসির গোলে রোনালদো ত্রয়ীর রেকর্ডে ভাগ বসান বার্সার তারকারা। ২০১১-১২ মৌসুমে রোনালদো, বেনজেমা ও হিগুয়েইন মোট ১১৮ গোল করেছিলেন।
এর ১৬ মিনিট পর নেইমার গোল করে রেকর্ডটি নিজেদের করে নিলেন। ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে জোড়া গোল করা মেসি ব্যবধান আরো বৃদ্ধি করেন। চলতি মৌসুমে তিন জনের খাতায় মোট ১২০ গোল পূর্ণ করার সঙ্গে নিজের পাশে জমা করেন ৫৭ গোল।
"এমএসএন" খ্যাত বার্সার তিন তারকাকে আক্রমণ ভাগের এখন পর্যন্ত সেরা ত্রয়ী বলেছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
আগামী সপ্তাহের শেষের দিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচে গোল করে নিজেদের রেকর্ড আরো উচ্চতায় নেয়ার সুযোগ পাচ্ছেন মেসিরা।
সেই সঙ্গে পেপ গার্দিওলার যুগে ২০০৯ সালের মতো আবার ট্রেবল জয়ের রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন কোচ লুইস এনরিকের শিষ্যরা।
জেডআই





