মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজনের কথা ভাবছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআই’র সম্পাদক সঞ্জয় প্যাটেল জানান আগামী রোববার চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারন সভায় টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজনের বিষয়টি তুলে ধরা হবে।
টানা ২৪ বছর ভারতীয় ক্রিকেটের ‘প্রাণ পুরুষ’ ছিলেন টেন্ডুলকার। ব্যাট হাতে ভারতকে অনেক জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি।
টেস্ট ও ওয়ানডেতে তার পারফরমেন্সের ঝলক এত বেশি ছিল যে, বিশ্ব ক্রিকেটে প্রায় সব রেকর্ডের তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করেছেন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে একশত সেঞ্চুরি মালিক ও সর্বোচ্চ রান ছাড়াও আরও অনেক রেকর্ডের মালিকই টেন্ডুলকার।
দেশের ক্রিকেটের জন্য যার এত অবদান তাকে সেরা সম্মানটা না দেয়াটাই বেমানান। আর তাই টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
আগামী বোর্ড সভায় বিষয়টি আলোচনা করার কথা জানিয়ে প্যাটেল বলেন,টেন্ডুলকারের নামে সিরিজ আয়োজনের বিষয়টি নিয়ে আমরা বোর্ড সভায় আলোচনা করবো। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি আমরা আলোচনা করবো। পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সাথেও আলোচনা শুরু করবো।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





