ব্রাজিল বিশ্বকাপের পর অনেক দিন চলে গেল। এত দিনে কোচের পরিবর্তন থেকে শুরু করে খেলোয়াড়দেরও পরিবর্তন হয়েছে। হয়েছে অনেক যোগ বিয়োগ। ব্যতিক্রম হয়নি ইতালি ও নেদারল্যান্ডসের ক্ষেত্রে। দুই দলেই যোগ দিয়েছে নতুন কোচ। এত দিন নিজের দলের সামার্থ্য পরীক্ষা করার সুযোগ হয়নি তাদের। এবার প্রথম পরীক্ষায় মুখোমুখি হচ্ছে তারা। এক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে ইতালি ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল সিজার প্রানদেল্লির ইতালি। ফলে নিজের পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর তার স্থলাভিষিক্ত হন জুভেন্টাসকে টানা তিনবার লিগ শিরোপা এনে দেয়া অ্যান্টোনিও কোন্টে।

এদিকে বিশ্বকাপের আগেই নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে দেয়া নিশ্চিত করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ লুইস ভ্যান গল। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় নেদারল্যান্ডস। তবে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়ে দেশের মাটিতে ফেরে ২০১০ বিশ্বকাপের রানার্স আপ দলটি। গল চলে যাওয়ায় গাস হিদ্দিঙ্ক ডাচদের কোচের দায়িত্ব পান।

বিশ্বকাপে ইতালি ব্যর্থতার পরিচয় দিলেও নতুন করে ঘুরে দাঁড়াতে চায় তারা। এজন্য ডাচদেরকে হারিয়ে শুরুটা ভালো করতে চান কোচ কোন্টে। তিনি বলেন, "উৎসাহ ও আনন্দের সাথে এটা থেকে আমরা অভিজ্ঞতা নিব। সেই সাথে ইতালি যেখানে থাকার যোগ্য সেখানে নিয়ে যাব। কারণ ব্রাজিলের পর আমরাই সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী দল।"

এই ম্যাচটিকে নিজের জন্য চ্যালেঞ্জ মনে করে কোন্টে বলেছেন, "এটাকে আমি নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।"

তবে এই ম্যাচে খেলতে পারছেন না ইতালির আলোচিত স্ট্রাইকার মারিও বালোতেল্লি। কোন্টের দলে জায়াগ হয়নি তার। তবে ডিফেন্ডার জিওর্জিও চেইলিয়ানিকে দলে পাচ্ছেন না কোন্টে। চোট নিয়ে তার সঙ্গে দলের বাহিরে আরো আছেন গ্যাব্রিয়েল পালেত্তা, ড্যানিয়েল ওসভালদো।

এদিকে ইনজুরি সমস্যা রয়েছে নেদারল্যান্ডসেরও। বিশ্বকাপে আলো ছড়ানো তারকা চোট নিয়ে দলের বাইরে আছেন। এছাড়া হান্টিলার, রাফায়েল ভ্যান দার, জর্ডি ক্লাইসি ও রন ভ্লারও চোটের কারণে মাঠে নামতে পারবেন না।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই