নানা সমস্যার মধ্য দিয়ে দিন যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। মেসির কর ফাঁকির অভিযোগ ও নেইমারের গোপন ট্রান্সফার ফি নিয়ে বেশ সমালোচনায় ছিল তারা। সর্বশেষ অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড়দের দল-বদলকে কেন্দ্র করে খেলোয়াড় কেনাবেঁচার নিষেধাজ্ঞায় পড়েছে ক্লাবটি। এত দু:খের মধ্যে তাদের জন্য সুখবর চলে এল। নূ ক্যাম্প স্টেডিয়াম সংস্কার করে আরো আধুনিক করার চিন্তা করেছিল ক্লাব কর্তৃপক্ষ। এজন্য ক্লাবের সদস্যদের মধ্যে গণভোটের আয়োজন করা হয়। তাতে সবুজ সঙ্কেত পেয়েছে কাতালান ক্লাবটি।
শনিবার দিনভর ভোট হয়। সন্ধ্যায় হয় গণণা। ফলাফল আসছে সংস্করণের পক্ষেই। ভোটে অংশগ্রহণকারী ৭২ শতাংশেরও বেশি সদস্য 'ন্যূ স্পাই বার্সা' প্রজেক্টের পক্ষে ভোট দিয়েছেন। বার্সেলোনার বর্তমান স্টেডিয়াম এখনই ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম। যেখানে ৯৯ হাজার ৩৫৪ দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন। নতুন স্টেডিয়ামটি হবে আরো বড়। আসন সংখ্যা হবে ১ লাখ ৫ হাজার। নতুন এই স্টেডিয়ামে থাকবে ছাঁদও। এখনেই শেষ নয়। এর সঙ্গে থাকবে বরফের তৈরি মেঝে। আরো আধুনিক অফিস। থাকবে এক সঙ্গে ৫ হাজার গাড়ি পার্কিং করার জায়গা।
ভোট শেষে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ বলেছেন, ''কাতালনা জায়ান্টদের জন্য এটা একটি অসাধারণ দিন।' ক্লাব অফিসিয়াল ওয়েবসাইটে তিনি আরো বলেছেন, 'আজ বিশ্ব জানবে বার্সা কি এবং কি বুঝায়। 'ন্যূ স্পাই বার্সা' প্রস্তাবে সমর্থন দেয়ায় এটা অসাধারণ হয়েছে।''
নিজের আনন্দের কথা উল্লেখ করে বার্সা প্রেসিডেন্ট আরো বলেছেন, ''আমি খুবই আনন্দিত। এটা একটি গুরুত্বপূর্ণ দিন। এটা বার্সা সদস্যদের জন্য একটি গণতান্ত্রিক উৎসব।'' বেশির ভাগ সদস্য ভোট দেয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ''ভোট কাস্ট হওয়ায় আমি অনেক খুশি। বেশির ভাগ সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটা এমন একটি প্রজেক্ট যা সামনের বছরগুলোতে বার্সাকে আরো উন্নত করবে।''
গত জানুয়ারিতেই বার্সেলোনা তাদের পরিকল্পনার কথা জানিয়েছিল। যেখানে বলা হয়েছিল নতুন এই প্রজেক্ট বাস্তাবায়ন করতে ৬০০ মিলিয়ন ইউরো খরচ হবে। সংস্করণের কাজ শুরু হবে ২০১৭ সালের মে মাসে। শেষ হতে পারে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে।