বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ধুম-ধাড়াক্কা ব্যাট করা গ্লেন ম্যাক্সওয়েলের পর বিদায় নিয়েছেন অ্যারোন ফিঞ্চ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ওয়াটসন (০) ও ক্লার্ক (০)।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।
দ্বিতীয় জুটিতে অ্যারোন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সৃদৃঢ় ব্যাটিংয়ে উইকেট খরায় ভোগে ভারত। রিভিউ নিয়েও তাদের কপালে উইকেট জোটেনি। বিপরীতে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ।
অবশেষে ৩৫তম ওভারে উমেশ যাদবের প্রথম বলে ছক্কায় হাঁকাতে গিয়ে বিদায় নেন তিনি। এতে ভেঙে যায় তাদের ১৮২ রানের জুটি। রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৯৩ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১০৫ রান করেন তিনি।
ক্রিজে এসে চার দিয়ে রানের খাতা খোলেন ম্যাক্সওয়েল। কিন্তু বেশি দূরে এগুতে পারেননি। ১৪ বলে ২৩ রান করে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ আউট হন।
দলের রানের খাতায় এক রান যোগ হতে ফিঞ্চও বিদায় নেন। যাদবের বলে ক্যাচ ধরেন ধাওয়ান। মাঠ ছাড়ার আগে ১১৬ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৮১ রান করেন ওপেনার ফিঞ্চ।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
জেডআই





