ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দর্শকদের জন্য আজ কি অপেক্ষা করছে মেসি ম্যাজিক না সুইসদের ইতিহাস। জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় সাও পাওলোতে শুরু হবে ম্যাচটি। পরিসংখ্যান অনুযায়ী সুইজারল্যান্ডের চেয়ে সবদিক দিয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
তবুও লিওনেল মেসিদের বিপক্ষে ইতিহাস গড়তে চায় শাকিরিরা। কিন্তু ইতিহাস সুইসদের বিপক্ষে। এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে তারা। একবারও জিততে পারেনি সুইজারল্যান্ড। চার হারের বিপরীতে ড্র করেছে দুইবার।
সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। ৩-১ গোলে হেরেছিল ইউরোপের দেশটি। বার্নে অনুষ্ঠিত ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন মেসি। যেটি ছিল তার প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক। এর আগে ২০০৭ সালে ১-১ গোলে শেষ হয় তাদের লড়াই। ২০১৪ বিশ্বকাপেও এগিয়ে আছেন মেসিরা। ফিফা র্যাংকিংয়ে সুইসদের চেয়ে একধাপ এগিয়ে পাঁচ নম্বরে আছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের তিন ম্যাচেই তারা জিতেছে। হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। বিপরীতে দুই ম্যাচে জিতেছে সুইজারল্যান্ড।
আজকের ম্যাচে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে ইউরোপের দেশ সুইজারল্যান্ড ইতিহাস গড়বে এমন আশায় বুক বেঁধে আছেন দলটির কোচ ওটমার হিটজফেল্ড।
তিনি বলেন, নকআউটে সুইজারল্যান্ড তার অবস্থান ও খেলায় কোনো পরিবর্তন আনবে না। এই ম্যাচে যে কোনো ফলাফলই সম্ভব। সুইজারল্যান্ডের বিশ্বকাপ মিশন শেষেই বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন হিটজফেল্ড। তবে শিগগিরই সুইসদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে বলে মনে করেন না সাবেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ-এর এই কোচ।
এদিকে আর্জেন্টিনার সমর্থকরাও আশা করছেন, সাও পাওলোর ওই লড়াইয়ে সুইসদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে মেসিরা।
ব্রাজিল বিশ্বাকাপের ফেভারিট আর্জেন্টিনা নিজেদের ম্যাচে সগৌরবে এগিয়ে আছে। এই ম্যাচেও চমক দেখাবে মেসিরা-এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
অপরদিকেদিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় রাত দুইটায় বেলজিয়ামের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





