লা লিগায় বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি ও নেইমার ঝড়ে বিধ্বস্ত হয়েছে এলচে। শনিবার স্বাগতিকদের মাঠে ৬-০ গোলে জিতেছে তারা।
এই জয়ের ফলে লিগে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট অর্জন করেছে তারা। এদিকে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট সংগ্রহ করেছে।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগ পাননি মেসি ও নেইমার। তবে বার্সার হয়ে নিজের ২০০তম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার পিকে। তার একমাত্র গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতি যায় কাতালান ক্লাবটি। ৩৫ মিনিটের সময় এই গোলটি হয়।
তবে বিরতির পর গোল করার পাল্লা দেন মেসি ও নেইমার। আর শেষ মিনিটে গোল করে ব্যবধানটি আরো বাড়িয়ে দেন পেদ্রো।
৫৫ মিনিটে গোলের সূচনা করেন মেসি। আর ৬৯ ও ৭১ মিনিটে পর পর দুটি গোল করেন ব্রাজিলীয় তারকা নেইমার। আর ৮৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা মেসি।
৯০+ মিনিটে দলের শেষ গোলটি করেন পেদ্রো। এর ফলে মৌসুমে এলচের বিপক্ষে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় কোচ এনরিকের শিষ্যদের।
জেডআই





