জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেই ঢুকতে পারলেন না মিডফিল্ডার ভিনসেন্ট হেমন্ত বিশ্বাস। শনিবার তিনি অনুশীলনের জন্য আসলেও তাকে ফেরত যেতে হয়েছে।
ইনজুরির কারণে জাতীয় দলের ক্যাম্পে অনুপস্থিত থেকে ভাড়ায় অন্যত্র খেলতে গিয়েছিলেন হেমন্ত। তাই জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। সেই নোটিশের জবাব দিলেও তাকে ক্যাম্পে ঢুকতে দেয়া হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে হেমন্ত খেলার কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘যেটা খেলেছি ওটাকে ভাড়ায় খেলা বলা চলে না। আমার এলাকাতেই জাতীয় দলের সম্মানার্থেই একটি প্রীতি ম্যাচে মাত্র ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলাম।’
অস্ট্রেলিয়া সফরে হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডানের বিপক্ষে হোম ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জাতীয় দলের শুরু হওয়া অনুশীলনে যোগ দেননি শেখ রাসেলে খেলা এই মিডফিল্ডার। অথচ এই সময়েই দিনাজপুরে নিজ এলাকায় ভাড়ায় খেলেছেন তিনি।
ঢাকার বাইরে খেলার প্রমাণাদি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে আসার পরই টিম লিডার ইকবাল খান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস তাকে দেওয়া হয়েছে। সেই নোটিসের জবাবের পর যে কোনো মুহূর্তে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। যদিও কি ধরনের সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে বাফুফে অথবা টিম ম্যানেজমেন্টের কেউই সুনির্দিষ্ট কিছু বলতে চাননি।
এর আগে একই ধরনের অপরাধ করেছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। তখন আর্থিক শাস্তি দেওয়া হয়েছিল। ঘরোয়া ফুটবলে ৫ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছিল। পরে তা মাফও করে দিয়েছিল বাফুফে।
জেডআই





