ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থাটি আরো মজবুত করতে মাঠে নেমেছিল লিভারপুল। খেলাটিও হয়েছিল নিজেদের মাঠ আনফিল্ডে। তাই প্রত্যাশাটিও বেশি ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত থাকা চেলসির সঙ্গে পেরে উঠতে পারেননি সুয়ারেজরা। রোববার রাতে ২-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে এই হারের পরও শীর্ষে রয়েছে কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
এই জয়ের ফলে লিগে দ্বিতীয় স্থানে আছে চেলসি। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
রোববারের ম্যাচটিতে দুটি গোলই হয়েছে ইনজুরি টাইমে। ৪৫+৪ মিনিটে প্রথম গোলটি করেন ডেম্বা বা। বিরতির পর মূল খেলায় কোনো দলই গোল করতে পারেনি। তবে ইনজুরি টাইমে আরেকটি গোলের দেখা পান কোচ হোসে মরিনহোর শিষ্যরা। ৯০+৪ মিনিটে এই গোলটি করেন উইলিয়ান।
ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই