মাঠে খেলা হচ্ছে। মেসি-নেইমার লড়ছেন। প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন। দলের জয়ের জন্য তাদের চাপের কোনো সীমা নেই। তবে এমন কোনো চাপ নেই উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজের। তবুও তার ভাল লাগছে না। জানিয়েছেন, সাইডলাইনে থাকার কষ্টতে ভুগছেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ডে ইতালির ডিফেন্ডার জিওর্জিও চেইলিয়ানিকে কামড় দিয়েছিলেন সুয়ারেজ। তাই ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেলেও মূল লড়াইয়ে নিষিদ্ধ থাকছেন তিনি। ফলে আগামী ২৫ অক্টোবরের আগে মাঠে নামা হচ্ছে না উরুগুয়ের এই স্ট্রাইকারের।

কিন্তু এতদিন অপেক্ষায় থাকা আর ভাল লাগছে না সুয়ারেজের। সাবেক আয়াক্স ও লিভারপুলের তারকা মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "সত্য কথা হচ্ছে, আমি সত্যিই কষ্টে আছি। আমি ইতোমধ্যে কয়েকটি ম্যাচ মিস করেছি এবং আরো কয়েক ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে। নিজেকে খুব শক্তিহীন মনে হচ্ছে। বাইরে থেকে আমি কোনো কিছুই করতে পারছি না।"

নিজের কষ্টের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে সুয়ারেজ আরো বলেন, "আমি শুধু কথা বলতে পারি আর কাঁদতে পারি। শুধু এতটুকুই আমি করতে পারি। তবুও আমার সব কিছু মেনে নিতে হচ্ছে।"

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই