আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্যামেরুনের ফুটবল তারকা স্যামুয়েল ইতো। দলের অধিনায়কত্ব হারানো পর অবসরের ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার ইতোকে অধিনায়কের পদ থেকে সরিয়ে স্টিফেন এম'বিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়। এরপরই কোচ ভোলকার ফিনকের কাছে নিজের পদত্যাগের কথা জানান তিনি।

আফ্রিকার এ যাবৎকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ইতো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, "আমি আপনাদেরকে জানাচ্ছি যে আন্তর্জাতিক ফুটবলে ইতি টেনেছি। আফ্রিকার সবাইকে এবং আমাকে সমর্থন জানানোর জন্য সকল ভক্তদেরকে ধন্যবাদ।"

কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ইতোর। ১৯৯৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে খেলতে নেমেছিলেন। ওই বিশ্বকাপে সবচেয়ে তরুণ খেলোয়াড় ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তিনি। ২০০০ অলিম্পিকে দেশের হয়ে সোনা জিতেছিলেন। শিরোপা জিতেছিলেন ২০০০ ও ২০০২ সালে দুটি আফ্রিকান ন্যাশন্স কাপের।

ক্লাবের হয়েও প্রায় সব ধরনের শিরোপা জিতেছেন তিনি। খেলেছিলেন ইংলিশ জায়ান্ট চেলসিতে। তবে গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিতে সই করেছেন ৩৩ বছর বয়সী ইতো।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই