আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 'চার-ছক্কা হই হই' এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার ঢাকায় আসছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। কিন্তু দলের সঙ্গেই ঢাকায় আসতে পারছেন না টি-টোয়েন্টির অন্যতম আকাষর্ণ বুম বুম আফ্রিদি। ইনজুরি থেকে ফিরে দলে যোগ দিতে দেরি হবে এই অল রাউন্ডারের।
পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেও আফ্রিদি সেদিন যাচ্ছেন না বলে টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে।
সূত্র জানায়,‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে যোগ দেয়ার আগে বোর্ড তার ফিটনেস পরীক্ষা করতে চায় বিধায় বৃহস্পতিবার রাতে আফ্রিদি দলের সঙ্গে যাচ্ছেন না।’
এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলের জয়ের নায়ক আফ্রিদি স্বাগতিক দলের বিপক্ষে খেলার সময় কুচকিতে আঘাত পান। ব্যাথা নাশক ইনজেকশন নিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন তিনি।
আব্বাস বলেন, ‘হ্যাঁ, ইনজুরির কারণে সে শতভাগ ফিট ছিল না এবং ব্যথা নাশক ইনজেকশন নিয়ে তাকে খেলতে হয়েছে। এক জন সিনিয়র খেলোয়াড় হিসাবে সে ভাল ফর্মে থাকায় এবং খেলার জন্য খুবই আগ্রহী থাকায় আমরা তাকে দিয়ে খেলিয়েছি।’
বাংলাদেশ থেকে দেশে ফেরার পর কুচকির আঘাতের কারণে অনুশীলন অথবা রানিং না করার জন্য আফ্রিদিকে পরামর্শ দিয়েছেন বলে বোর্ডকে জানিয়েছেন দলের ট্রেইনার।
সূত্রটি জানিয়েছে, অনুশীলন ম্যাচসহ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকে আফ্রিদিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কিছুটা বিশ্রাম ও কুচকির আঘাত সেরে ওঠার পর দলের সঙ্গে বাংলাদেশে যোগ দেবেন তিনি।