অনেক প্রত্যাশা নিয়ে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন কোচ লুইজ ফিলিপ স্কলারি। তার অধীনে হেক্সা-ছয় জয়ের মিশনে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু বিশ্বকাপে বিধ্বস্ত হয়েছে তার দল। শেষ দুটি ম্যাচেই হজম করেছে ১০ গোল। সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর নেদারল্যান্ডসের কাছে হেরেছে ৩-০ গোলে। এরপরও কোচের পদ থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন স্কলারি।
২০০২ সাল থেকে নিজেদের মাটিতে কখনো হারেনি ব্রাজিল। আর আপন আঙিনায় অনুষ্ঠিত কোনো ফুটবল টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড ১৯৭৫ সাল থেকে। কিন্তু সেই রেকর্ড আর ধরে রাখতে পারেননি কোচ স্কলারির শিষ্যরা।
জার্মানির কাছে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সিলভারা। কিন্তু আবারও হজম করতে হলো তিন গোল। ফলে স্কলারির দায়িত্ব ছেড়ে দেয়া নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এই কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার ব্যাপারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনই সিদ্ধান্ত নিবে।
নিজের দলের সাফাই গেয়ে স্কলারির বলেছেন, "এটা ভারসাম্যপূর্ণ খেলাই ছিল। এমন খেলার জন্য খেলোয়াড়রা প্রশংসার দাবিদার। আমরা একেবারে খারাপ খেলিনি। এটাই আমার মতামত।"
নিজের ভবিষ্যৎ নিয়ে এই কোচ বলেন, "এ বিষয় মন্তব্য করার সময় এখন না। আমি আমার কাজ করে যাব। কনফেডারেশনের সভাপতিই এ বিষয় সিদ্ধান্ত নিবেন।"
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





