মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আজ রোববার দুপুর আড়াইটা থেকে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চন্দিকা হাথুরুসিংহের চাওয়া তিনটি ম্যাচেই জয়। তবে দীর্ঘ বিরতির পর দল মাঠে নামবে বলে গুরুত্বপূর্ণ হবে প্রথম ম্যাচ, প্রথম ঘণ্টা। শুরুর সেই অনিশ্চয়তাটুকু দ্রুত দূর করে সিরিজের সুর বেধে দিতে চান বাংলাদেশ কোচ।
অন্যদিকে, দলের স্পিনারদের ওপর আশার কমতি নেই আফগান কোচ লালচাঁদ রাজপুতের। ভারতীয় এই কোচ দেখতে উন্মুখ, বাংলাদেশের ব্যাটসম্যানদের কতটা পরীক্ষা নিতে পারে তার শিষ্যরা।
স্পিনারের কমতি নেই আফগানিস্তান দলে। লেগ স্পিন, অফ স্পিন, বাঁহাতি অর্থোডক্সের ছড়াছড়ি অতিথি দলটিতে। লালচাঁদ মনে করেন, এদের মধ্যে লেগ স্পিনারদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কিন্তু’ আজকের খেলায় বৃষ্টি বাগড়ায় পুরো ৫০ ওভার খেলা হবে কী না সেটিই এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে! কেননা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বৃষ্টি হবে।
আবাহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে বলেন, ‘রোববার দপুর থেকে শুরু করে রাত পর্যন্ত দুই থেকে তিনবার বৃষ্টি হানা দেয়ার সম্ভাবনা আছে। তবে ভারী নয়, বৃষ্টি হবে হালকা আকারের। সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে রোদও দেখা যেতে পারে।’
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরুর আগের দিন গতকাল শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনের প্রথম সেশনের প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।
গতকাল শনিবার সকালে মিরপুর ইনডোরের মাঠে নেটে ব্যাটিং প্রস্তুতি নিতে গেলে বৃষ্টি হানা দেয়ায় নেট থেকে উঠে আসেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির আহমেদ।
তবে বৃষ্টি হলেও সমস্যা নেই। কেননা থাকছে রিজার্ভ ডে। যদি এমন হয় ম্যাচ শুরুর ১০ ওভার পরে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ আর অনুষ্ঠিত হচ্ছে না তাহলে রিজার্ভ ডেতে ওই ১০ ওভার থেকেই ম্যাচ শুরু হবে। আর যদি ম্যাচের দিন একটি বলও মাঠে না গড়ায় রিজার্ভ ডেতে তাহলে শুরু হবে প্রথম থেকে।
এমএনজে





