চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন ভিন্ন দুটি মৌসুমে গ্রুপ পর্বের সব ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার বুলগেরিয়ান দল লুডোগোরেটসকে হারিয়েছে ৪-০ গোলে। এর ফলে রেকর্ডের সঙ্গে লিগের শিষ ১৬'তে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে ২০১১/১২ মৌসুমেও গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়েছিল দলটি।

এই ম্যাচে আরো একটি রেকর্ড গড়েছে রিয়াল। স্পেনের কোনো ক্লাব হিসেবে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল তারা। এর আগে বার্সেলোনার সাথে যৌথভাবে সব ধরনের প্রতিযোগিতায় ২০০৫ এর অক্টোবর থেকে ২০০৬ এর জানুয়ারি পর্যন্ত ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল রিয়াল ও বার্সেলোনা।

এদিকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ব্রাজিলিয়ান ক্লাব কোরিটিবার সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশী টানা জয়ের রেকর্ড রয়েছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দক্ষিণ আমেরিকার এই ক্লাবটি টানা ২৪টি ম্যাচে অপরাজিত ছিল।

মঙ্গলবার ম্যাচে রিয়ালের চার জন তারকা গোল করেছেন। ২০ মিনিটে গোলের সূচনা করেন ফিফা ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন দেখা ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৩৮ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যান রেকর্ড অর্থে দল-বদল করা গ্যারেথ বেল।

বিরতির পর আরো দুটি গোল করে রিয়াল। ৭৯ মিনিটে দলকে ৩-০তে পৌঁছে দেন আরবেলোয়া। এর নয় মিনিটের মাথায় দলের এক হালি গোল পূর্ণ করেন মেডরান।

জেডআই