জিম্বাবুয়েকে তাদের প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট করে বাংলাদেশ। ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুশফিক বাহিনী। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০১ রান। লিড নিয়েছে ২৬৬ রানের।
ক্রিজে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ৬৩ রানে ও শুভাগত হোম ২৩ রানে। শুক্রবার সকালে তারা দুজন আবার মাঠে নামবেন।
মুমিনুল তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম টেস্ট ও ইনিংস খেলে ১ হাজার রান করার কৃতিত্ব স্থাপন করেন তিনি। কিন্তু দলীয় ১৩১ ও ব্যক্তিগত ৫৪ রানে ওয়ালারের বলে চাকাবার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মুমিনুল-মাহমুদুল্লাহ ৫৬ রানের জুটি গড়েছিলেন।
মুমিনুল আউট হওয়ার পর সাকিব ৬ রানে আউট হন। এরপর মুশফিক এসে শূন্য রানে সাজঘরে ফেরেন। ফলে ১৪৫ রানে ৫ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু শুভাগত হোমকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন মাহমুদুল্লাহ। ইতিমধ্যে তিনি টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ষষ্ঠ উইকেটের জুটিতে ইতিমধ্যে তারা দুজন ৫৬ রান সংগ্রহ করেছেন।
এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথমেই সাজঘরে ফেরেন তামিম (২০)। এরপর শামসুরও (২৩) আউট হন।
এর আগে সাকিবের ১৩৭ ও তামিমের ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩৩ রান সংগ্রহ করেছিল। জবাবে জিম্বাবুয়ে হ্যামিলটন মাসাকাদজার ১৫৮ ও রেগিস চাকাবার ১০১ রানে ভর করে ৩৬৮ রান তুলতে সক্ষম হয়।
জেআই





