প্রথম লেগে পর্তুগাল থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। ফিরতি লেগে অ্যানফিল্ডে বুধবার (১৩ এপ্রিল) রাতে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। ফলে দুই লেগের সম্মিলিত ফলাফলে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে পা রেখেছে অলরেডরা।
নিজেদের মাঠে খেলতে নেমে আধিপত্য বিস্তার করেই খেলেছিল উড়তে থাকা লিভারপুল। এর ফলও পেয়ে যায় শুরুতেই। প্রথম কয়েকটি সুযোগ হাত ছাড়া হলেও ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কসতাস সিমিকাসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন ইবরাহিমা কোনাতে। ম্যাচের ৩২তম মিনিটে গনকালো রামোসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই রবার্তো ফিরমিনোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৫৫তম মিনিটে জটার পাসে কাছ থেকে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর ১০ মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সিমিকাসের দারুণ ফ্রি-কিকে ভলিতে লক্ষ্যভেদ করেন ফিরমিনো।
কিন্তু সফরকারীরাও হার মানার পাত্র নয়! ম্যাচের ৭৩তম মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে আলিসনকে কাটিয়ে গোল করেন রোমান ইয়ারেমচুক। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। এর কিছুক্ষণ পরই সমতা টানেন নুনেস। বাকি সময়ে ব্যবধান বাড়েনি।
এর ফলে আগামী ২৬ এপ্রিল দিনগত রাতে সেমিতে লিভারপুল লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ খেলবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
অন্যদিকে, জাল অক্ষত রেখে সেমিতে সিটি
সেমিফাইনাল নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগ ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক পজিশনে ছিলেন সিটিজেনরা। তবে খেলা ঘরের মাঠে ফেরায় সমীকরণ বদলে দিতে চেয়েছিল রোজি ব্ল্যাঙ্কোসরা। কিন্তু পারল না। মরিয়া অ্যাতলেটিকোকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার (১৩ এপ্রিল) রাতে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই লেগের সম্মিলিত ফলাফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারের টিকেট পায় সিটি।
এমআই





