আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী পাঁচ বছরের জন্য এই চুক্তি নবায়ন করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ম্যানসিটির হয়ে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে অ্যাগুয়েরার। মন জয় করে নিয়েছেন ভক্তদের। তাই তাদের ভালবাসার প্রতি শ্রদ্ধা জানাতে নতুন চুক্তিতে সাক্ষর করলেন এই তারকা।
২০১১ সালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানসিটিতে যোগ দেন অ্যাগুয়েরা। তার অবদানে ২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ক্লাবটি। পরের মৌসুমে রানার্স আপ হলেও ২০১৩-১৪ মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করে অ্যাগুয়েরারা।
স্কাই ব্লুসদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১২২ ম্যাচে ৭৫ গোল করেছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। এরপরও গুঞ্জন উঠেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় চলে যেতে চাচ্ছেন তিনি। কিন্তু তিনি ভক্তদেরকে নিশ্চিত করেছিলেন যে ইংল্যান্ডেই থাকছেন। এবার চুক্তিতে সাক্ষর করে কথার সত্যতা প্রমাণ করলেন।
২০১৯ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করার পর অ্যাগুয়েরা বলেছেন, "বাস্তবতা হচ্ছে, এখানে আসার পর থেকেই প্রতি মৌসুমের আগে গুজব ছড়ানো হয় যে আমি আবার স্পেনে পাড়ি জমাচ্ছি।"
ম্যানসিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন. "সব সময়ই এ ধরনের অনুমান করা হয়। কিন্তু আমি কখনোই এসব কথায় কান দেইনি। মানুষজন এসব উড়ো কথা শুনেছিল এবং তারা এটা সত্যিই ভেবে নিয়েছিল। কিন্তু আমি সমর্থকদেরকে নিশ্চিন্তায় থাকতে বলেছি। আমি আশ্বস্ত করেছি, যতদিন আমার চুক্তির মেয়াদ আছে, ততদিন এখানে আছি।"
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





