আনুষ্ঠানিক চুক্তিটা এখনও হয়নি; তবে মৌখিকভাবে তিন মাসের জন্য দায়িত্ব নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পাকা কথা দিয়েছেন টম সেইন্টফিট। মঙ্গলবার ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচের জন্য আপাতত জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন বেলজিয়ামের এই কোচ।

এশিয়ান কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে হবে ম্যাচ দুটি।

টোগো, মালাবি, ইয়েমেন, ইথিওপিয়া, জিম্বাবুয়ে ও নামিবিয়া-এই ছয় জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা সেইন্টফিটের হাত ধরে নতুন শুরুর আশা বাফুফের।

মঙ্গলবার ভোরে ঢাকায় পা রাখার পর দুপরে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বসেন সেইন্টফিট। সাংবাদিকদের কাছে মামুনুলদের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলে যান নতুন শিষ্যদের নিয়ে অনুশীলনে নামতে। কিছুক্ষণ পর নাবিল জানান সেইন্টফিটের দায়িত্ব নেওয়ার বিষয়টি।

তিনি বলেন, ‘আমরা যখন তাকে চুক্তির খসড়া পাঠিয়েছিলাম, তখন সে বিমানে ছিল। চুক্তির মধ্যে আমাদের কিছু পর্যবেক্ষণ ছিল। চুক্তির খসড়া সে তার আইনজীবীকে পাঠিয়েছে বলে আজ আমাদের জানিয়েছে। অফিসিয়াল সাইনিং হয়নি। তবে মৌখিক কথাবার্তা সবকিছু চূড়ান্ত হয়ে আছে। এর মধ্যে শুধু কয়েকটি লিগ্যাল পয়েন্ট আছে, যেটা তার দেখার আছে, আমরা দেখেছি। তাকে কপিটা দিয়ে দিয়েছি। আশা করি, তিন-চার দিনের মধ্যে চুক্তিটা হয়ে যাবে।’

কদিন আগে সেইন্টফিটের নাইজেরিয়ার কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকার খবর কিছুটা ভাবিয়ে তুলেছিল বাফুফেকেও। তারপরও আগের পরিকল্পনা অনুযায়ী ৪৩ বছর বয়সী এই কোচকে স্বল্প মেয়াদে রাখার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান নাবিল।

নাবিল বলেন, ‘আমরা দেখেছি তিনি নাইজেরিয়ার কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন। যদি তিনি চাকরিটা পান, তাহলে প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত তাকে তিন মাসের জন্য দায়িত্ব দিচ্ছি। চুক্তিতেই লেখা আছে ভুটান ম্যাচের পর ফলের ওপর নির্ভর করে, দুই পক্ষের আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন করা হবে। তার তিন মাসের দায়িত্ব আজ থেকে শুরু হচ্ছে।’

এফএফ