আবারও অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলী। বুকের ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

গাঙ্গুলীর পারিবারিক সূত্রে সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। ব্যথা বাড়লে বুধবার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থা আছেন গাঙ্গুলী। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে তার।

এর আগে, শনিবার (০২ জানুয়ারি) শরীর চর্চার সময় বুকে ব্যথা অনুভব করায় বেলা ১টায় আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান, ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’হয়েছে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের।

ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। এরপর একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তার।

একইদিন বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। এরপর থেকে তিনি ক্রমে সুস্থ হয়ে উঠেন। এক সপ্তাহ হাসপাতালে থেকে ০৭ জানুয়ারি তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এএস