বিশ্বকাপের শুরুটা একটু বেরসিকভাবেই হয়েছে বলা যায়। হার-জিতের মধ্যে কোন ভারসাম্যই যেন নেই। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ইংলিশ বোলার স্টিভেন ফিন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেও অসিদের রানের পাহাড়কে থামাতে পারেননি।
অস্ট্রেলিয়ার দেয়া ৩৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় ২৫ রানে মুঈন আলীর (১০) সাজঘরে ফিরে গেলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। স্টার্কের বলে বেইলির তালুবন্দী হন তিনি। সেই থেকে পতন শুরু ইংলিশদের।
দলের স্কোর ৪৯ রানে শন মার্শের বলে বিদায় নেন গ্যারি ব্যালেন্স (১০)। দলের রানের খাতায় আর মাত্র ১৬ রান যোগ হতে সাজঘরে ফিরে যান উদ্বোধনী জুটির ইয়ান বেল (৩৬)। ১৪তম ওভারের পঞ্চম বলে জো রুটকে (৫) বিদায় করে দিয়ে হ্যাটট্রিক করার সুযোগ তৈরি করেন শন মার্শ। তবে সেটি সম্ভব হয়নি।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে তারা।
দলের পক্ষে অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ১৩৫ রান করেন। জর্জ বেইলি মাঠ থেকে বিদায় নেয়ার আগে করেন ৫৫ রান। শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৪০ বলে ৬৬ রান করেন। তার সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে ১৪ বলে ৩১ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন ব্রাড হ্যাডিন।
ব্যাট করতে নেমে ইংলিশরা শুরু থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুতে থাকে। অসি বোলার শন মার্শ ৩৩ রান দিয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইংল্যান্ডকে টেনে নিয়ে গেছেন মূলত টেইলর। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ইংলিশরা ধুঁকছিল গভীর অন্ধকারে। সেখান থেকে দেশকে একটু আলোর দিকে নিয়ে যান টেইলর। তাকে সঙ্গ দিতে পারলে হয়তো ৫০ ওভার খেলে আসতে পারতো ইংল্যান্ড। আর তাতে ব্যবধানটাকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারাটা সহজ হতো।
ইংল্যান্ডের বিপর্যয়ের এদিনে একপ্রান্তে তিনি বীরের মতো লড়ে গেছেন। ৪১ ওভার ৫ বলে ইংলিশদের ইনিংস শেষ হয়ে যাওয়ার সময় অপরাজিত টেইলর সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে ছিলেন। তার অবদানেই মূলত ইংল্যান্ড দুইশ' রানের কোটা পেরুতে পেরেছে। ইংল্যান্ড সর্বমোট ২৩১ রান তুলতে পেরেছে।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সেঞ্চুরিয়ান ফিঞ্চ। এই ম্যাচে জয়ের মাধ্যমে ২ পয়েন্ট অর্জন করলো অস্ট্রেলিয়া। সূত্র: ক্রিকইনফো ও বিবিসি
এমএ





