চোট সমস্যায় আসন্ন কোপা আমেরিকায় খেলতে পারছেন না ব্রাজিলীয় তারকা লুইস গুস্তাভো। হাঁটুর ইনজুরিতে অতি সত্ত্বর তাকে সার্জারি করাতে হবে।

গত শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে উল্ফসবার্গকে ডিএফবি-পোকালের শিরোপা এনে দিয়েছেন গুস্তাভো। পরে হাঁটুতে সমস্যা দেখা দেয়ায় ২৭ বছর বয়সী এই তারকাকে সার্জারি করাতে হবে।

সোমবার গ্রানা কোমারিতে সাবেক বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের পরীক্ষা-নিরীক্ষা করেছেন ডাক্তার রদ্রিগো লাসমার।

ব্রাজিলীর কোচ দুঙ্গার অধীনে প্রথম আট ম্যাচের সাত ম্যাচেই মাঠে নেমেছিলেন গুস্তাভো। শুধু গত মার্চে চিলির বিপক্ষের ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। প্যারিসে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর সতেজ হতে ৭২ ঘণ্টার কম সময় পাওয়ায় তাকে মাঠে নামাননি দুঙ্গা।

অন্য খেলোয়াড়দের মধ্যে মারকুইনহো, ডেভিড লুইজ ও ফিলিপ লুইজের স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

গুস্তাভোর জায়গায় কাকে দলে নেয়া হবে তা এখন পর্যন্ত ঠিক করা হয়নি। কোচ দুঙ্গার সামনে অপশন হিসেবে থাকছেন ফ্রেড, অ্যান্ডারসন, রাফিনহা আলকানতারা ও কাকা।

সেলেকাও দলে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন আনতে হয়েছে। রিয়াল মাদ্রিদ তারকা ডিফেন্ডার মার্সেলোর জায়গা দলে নেয়া হয়েছে জেফারসনকে এবং গোলরক্ষক ডিয়াগো আলভেজের পরিবর্তে নিতে হয়েছে নিটুকে।

চিলিতে আগামী ১৪ জুন পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল। গ্রুপে অন্য প্রতিপক্ষ হলো কলোম্বিয়া ও ভেনেজুয়েলা।

জেডআই