রেয়াল মাদ্রিদ এবং পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির মামলা হয়েছে।

স্পেনের সরকারি কৌঁসুলিরা বলছেন, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রোনাল্ডো সাড়ে ১৬ মিলিয়ন ডলার অর্থাৎ এক কোটি ৬৫ লাখ ডলারের কর ফাঁকি দিয়েছেন।

গত ডিসেম্বরে ফাঁস হওয়া নথিতে দেখা যায়, রোনাল্ডো কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিদেশের ব্যাংক একাউন্টে টাকা পাচার করেছেন।

তবে এই ফুটবলারের এজেন্টের একজন মুখপাত্র গত মাসে বলেন, কর ফাঁকির এই তদন্ত নিয়ে তারা উদ্বিগ্ন নন, কারণ রোনাল্ডোর লুকোনোর কিছু নেই।

কিন্তু এ ক্ষেত্রে রোনাল্ডোর বিরুদ্ধে যে অভিযোগ তা হচ্ছে, তিনি তার ইমেজ রাইটস বা ব্যক্তিগত ইমেজের প্রচারস্বত্ব থেকে যে অর্থ আয় করেছেন - তা লুকানোর জন্য 'বিশেষ ধরণের একটি ব্যবসায়িক কাঠামো' ব্যবহার করেছেন।

রোনাল্ডোকে পর পর দু'বছর পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করেছে ফোর্বস ম্যাগাজিন। গত বছর তিনি তার বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে মোট ৯ কোটি ৩০ লাখ ডলারআয় করেছেন।

সবশেষই কর ফাঁকির অভিযোগের তদন্ত নিয়ে একজন পর্তুগীজ সাংবাদিক রোনাল্ডোকে প্রশ্ন করলে তিনি জবাব দেন - "যার লুকানোর কিছু নেই তার কোন ভয়ও নেই।"(বিবিসি)

এমবি