জয়াবর্ধন তার বিদায় সংবর্ধনাটি বেশ ভালোভাবেই পেয়েছেন। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। খবর ক্রিকইনফোর।
আজ সোমবার ম্যাচের শেষ দিনে পাকিস্তান ৯ উইকেটে ১৬৫ রান করে। ইনজুরির কারণে জুনাইদ খান ব্যাট করেননি। ফলে ১৬৫ রানেই থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। এ জয়ের ফলে সিরিজে শ্রীলঙ্কা ২-০ ম্যাচে জয়ী হলো।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে সরফরাজ আহমেদ (৫৫) ও আসাদ শফিক (৩২) ছাড়া উল্লেখ করার মতো কেউ রান তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে হেরাথ ৫৭ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন।
ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ উভয় পুরস্কার জিতেছেন হেরাথ। ম্যাচ শেষে কলম্বোর সিনহালাসে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড হয়ে উঠে জয়াবর্ধনময়। জয়াবর্ধনকে কাঁধে তুলে গ্যালারিতে নিয়ে যান তার সতীর্থরা। জয়াবর্ধন তার জীবনের শেষ টেস্ট ম্যাচটিতে স্মরণীয় কিছু না করতে পারলেও তিক্ততার মতো কিছু ঘটেনি। শেষ টেস্টের প্রথম ইনিংসে তিনি করেন মাত্র ৪ রান, আর দ্বিতীয় ইনিংসে করেন ৫৪ রান।
দুই দলের স্কোর
শ্রীলঙ্কা : ৩২০ ও ২৮২।
পাকিস্তান : ৩৩২ ও ১৬৫/৯।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





