চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইংলিশ জায়ান্ট চেলসিকে বিদায় করে দিল ১০ জনের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এর ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্সের ক্লাবটি।

বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে শেষ-১৬'র লড়াইয়ের দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে চেলসি ও পিএসজি। পিএসজির মাঠে প্রথম লেগেও ১-১ গোলে ড্র করেছিল তারা। কিন্তু অ্যাওয়ে ম্যাচে বেশি গোল করার সুবাদে শেষ আট নিশ্চিত হয় পিএসজির।

এদিনে খেলার ৩১তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। দলের সেরা স্ট্রাইকারকে হরালেও দমে যায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর লড়াইয়ে দুইবার সমতা ফিরিয়ে জোসে মরিনহোর দলের বিদায় নিশ্চিত করে তারা।

৮১তম মিনিটে গ্যারি ক্যাহিলের গোলে এগিয়ে যায় চেলসি। পাঁচ মিনিট পর তাদেরই সাবেক খেলোয়াড় দাভিদ লুইসের গোল খেলায় সমতা ফেরায়।

১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫তম মিনিটে ডিফেন্ডার থিয়াগো সিলভা ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় চেলসি। সেখান থেকে গোল করে দলকে আবার লিড এনে দেন ইডেন হ্যাজার্ড।

তবে ১১৪ মিনিটেই সেই সিলভাই গোল করে পিএসজিকে সমতায় ফেরান। দুর্দান্ত এক হেড করে এই গোল করেন তিনি।

জেডআই