এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল আফগানিস্তানের। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। এবার শেষ ম্যাচে নেপালের কাছেও হেরেছে দলটি। মাঝখানে হংকংকে হারালেও শেষ পর্যন্ত হার নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মোহাম্মদ নবীদেরকে।
এদিকে বিশ্বকাপে প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারায় নেপাল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও শেষ ম্যাচে জয় পেল তারা। দুই ম্যাচে জয় নিয়ে বাংলাদেশের সমান ৪ পয়েন্ট অর্জনও করেছে তারা। কিন্তু রান রেটে এখনো এগিয়ে আছে টাইগাররা। ফলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি জয় দিয়েই বিশ্বকাপে ইতি টানল-এটা প্রায় নিশ্চিত।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠায় টসজয়ী আফগানিস্তান। টসে না জিতলেও ব্যাট হাতে সফল ছিল নেপাল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ওপেনার খাকুরেল সর্বোচ্চ ৫৬ রান করে আউট হন। এছাড়া বিশ্বকরের ৩৭ রান ও জ্ঞানেন্দ্রর ২২ রান উল্লেখযোগ্য।
জবাবে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে আফগানিস্তান। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর ২০ রানে হারায় আরো দুটি উইকেট। মিডল অর্ডারের ব্যাটসম্যান শফিকুল্লাহ রানের চাকা ঘুরানোর চেষ্টা করে ৩৬ রানে আউট হন। পরে আসগর স্তানিকজাই দলের হাল ধরেন। মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ থেকে বিদায় নেন তিনি। তার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করতে পারে আফগানিস্তান। ফলে ৯ রানে হেরে যায় তারা।