গেটাফেকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদও ঘাড়ে নিশ্বাস ফেলছে। লা লিগার খেলায় আর একটি ম্যাচ হোঁচট খেলে হুমকির মুখে পড়ে যাবে লিগ শিরোপা ধরে রাখার স্বপ্নও।ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন মেসি-নেইমাররা।
এমন কঠিন সমীকরণ সামনে রেখে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের দল। ক্যাম্প ন্যু’তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
মাসখানেক আগেও লিগ শিরোপা ধরে রাখার পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের পথে ছিল লুইস এনরিকের দল। কিন্তু সেই বার্সা হঠাৎ করে ছন্দ হারালো।
গত ২০ মার্চ ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফেরে কাতালান ক্লাবটি। লা লিগায় এরপর টানা দুই ম্যাচ হারে তারা। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে আর রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে। গত বুধবার বার্সেলোনার হতাশা বাড়ে অ্যাটলেটিকোর কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ায়।
যদিও এখন লা লিগা শিরোপার দৌড়ে বেশ ভালোমতো টিকে আছেন মেসিরা। ৩২ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার গেটাফেকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে একে নিয়ে এসেছে। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।তবে ভ্যালেন্সিয়াকে হারালে আবারও ব্যবধান বাড়িয়ে নিতে পারবেন মেসিরা। আজ মাঠে নামবে অ্যাটলেটিকোও। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট ডিয়েগো সিমেওনের দলের।
এআই





