দলকে বিশ্বকাপ এনে দিয়ে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়ানডে থেকে বিদায় নিলেও ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না তিনি। ওয়ানডের মতো এবার টেস্টেও দলকে শীর্ষে নেয়ার কথা জানালেন এই অধিনায়ক।

রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা ঘরে তোলার পরে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, তার পরবর্তী লক্ষ্য টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করা।

নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে রেকর্ড ৯৩ হাজার ১৩ জন দর্শকের সামনে এক তরফা ম্যাচে ক্লার্ক ৭৪ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শীর্ষস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা থেকে তারা ছয় রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছে।

ওয়ানডের মতো টেস্টেও দলকে শীর্ষে নিয়ে যাওয়ার কথা জানিয়ে ক্লার্ক বললেন, "আমার পরবর্তী দায়িত্ব হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট দলকে আবারো র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিয়ে আসা।"

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "সামনে আমাদের ব্যস্ত সময় আসছে। ওয়েস্ট ইন্ডিজের পরে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ রয়েছে। আশা করছি ওয়ানডে ক্রিকেটে অবসরের মাধ্যমে আমি টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে পারবো। আমার বয়স এখন মাত্র ৩৩, আশা করছি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে পারব।"

ক্লার্ক আরো জানিয়েছেন টেস্ট কমিটমেন্টের কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ খেলার কোন পরিকল্পনা তার নেই। এটা নিয়ে তিনি বেশী চিন্তাও করেননি। এই মুহূর্তে তার কেবল বিশ্বকাপের দিকেই নজর ছিল।

অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে ২৪৫টি ওয়ানডে ম্যাচে ৪৪ গড়ের উপরে আটটি সেঞ্চুরিসহ ৭,৯৮১ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে সেরা ইনিংস ছিল ১৩০।

জেডআই