বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলের ‘লজ্জাজনক’ হারের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই শারীরিক শক্তিমত্তার প্রদর্শন ঘটিয়েছে। তবে কোনো দলই গোল করতে পারেনি। এই ড্রয়ের ফলে দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে খাদের কিনারায় চলে গেলো আর্জেন্টিনা।

লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে গোল করার মূল দায়িত্ব বর্তায় কার্লোস তেভেজের ওপর। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝিতে এই বোকা জুনিয়র্স তারকা গোলের সহজ সুযোগ নষ্ট করলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে।

তেভেজের মতো গোলের সুযোগ নষ্ট করেন এজিকুয়েল লাভেজ্জিও। প্রথমার্ধে দুই দুটি গোলের সুযোগ নষ্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধে তেভেজ ও লাভেজ্জিকে উঠিয়ে নিলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি আর্জেন্টিনার।

গোলের জন্য মরিয়া হয়ে উঠা আর্জেন্টিনা স্বাগতিক প্যারাগুয়েকে প্রতি-আক্রমণের জন্য বেশ জায়গা ছেড়ে দেয়। তবে র‌্যামোন দিয়াসের দল সেই সুযোগ কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়।

বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটেই পিছিয়ে পড়তে পারতো আর্জেন্টিনা। তবে সফরকারীদের রক্ষা করেন গোলরক্ষক সার্জিও রোমেরো। ১৫তম মিনিটে ৩৫ গজ দূর থেকে নেয়া ডেরলিস গঞ্জালেসের অসাধারণ এক ফ্রি-কিক দুর্দান্ত দৃঢ়তায় রুখে দেন রোমেরো।

২১তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি ও আগুয়েরোর অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব দেয়া কার্লোস তেভেজ। পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন তেভেজ। তবে নিজের হেডটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এই বোকা জুনিয়র্স স্ট্রাইকার।

ছয় মিনিট পর দুর্দান্ত দৃঢ়তায় প্যারাগুয়েকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক অ্যান্তনি সিলভা। ২৫ মিটার দূর থেকে হাভিয়ের মাচেরানোর নেয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন স্বাগতিক গোলরক্ষক।

৪০তম মিনিটে তেভেসের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন লাভেজ্জি। তার শট দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক সিলভা। কিছুক্ষণ পর আবার গোলের সুযোগ নষ্ট করেন এই পিএসজি স্ট্রাইকার।

বিরতির পর গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। ৫৩তম মিনিটে ডি মারিয়ার দারুণ এক প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে।

সাত মিনিট পর আর্জেন্টিনাকে গোল হজম থেকে রক্ষা করেন পাবলো জাবালেতা। ডি বক্সের ভেতরে প্যারাগুয়ের দারিও লেসকানোকে আটকে দেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। একটু পর দেরলিস গঞ্জালেসের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো।

গোলের খুঁজে দিশেহারা আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো খেলার শেষ দিকে এরিক লামেলা ও পাওলো দিবালাকে মাঠে নামান। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে জুভেন্তাস স্ট্রাইকার দিবালার শট পোস্টের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে।

বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের অপর ম্যাচগুলোতে জয় পেয়েছে উরুগুয়ে, চিলি ও ইকুয়েডর। দিয়েগো গডিন, দিয়েগো রোলান ও আবেল হার্নান্দেজের গোলে কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উরুগুয়ে।

অন্যদিকে অ্যালেক্সিস সানচেজ ও ভারগাসের জোড়া গোলে রোমাঞ্চকর লড়াই শেষে পেরুকে ৪-৩ গোলে হারিয়েছে চিলি। প্রথম ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল চিলিয়ানরা। আর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করা ইকুয়েডর নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষেও একই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকা আর্জেন্টিনার জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে। আগামী মাসের ১৩ তারিখে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের তৃতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি তো থাকবেন-ই না, সার্জিও আগুয়েরোর থাকা নিয়েও শঙ্কা রয়েছে।

এমএইচ