মাহফুজুর রহমান সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪০ তম আবর্তনের শিক্ষার্থী। সাঁতারু হিসেবে প্রথম বাংলাদেশী পুরুষ হিসেবে টানা দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসে। বিশ্বের নামিদামী সব সাঁতারুদের সাথে সাঁতরাবেন অলিম্পিকের পুলে।

রিও অলিম্পেকে অংশগ্রহণ করার সুযোগ লাভ করায় আজ সোমবার দুপুর দুইটায় জাহাঙ্গীরগনর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় তিনি তার লক্ষ্যের কথা এভাবেই সাংবাদিকদের জানান, ‘আমার সর্বোচ্চ শ্রম ও চেষ্টা দিয়ে দেশের জন্য সর্বোচ্চ দিতে চাই, যেতে চাই সেমিফাইনাল পর্যন্ত।’

তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি দেশের হয়ে টানা দুইবার অলিম্পিকের মতো আসরে অংশগ্রহণ করতে পারবো। এটা আমার জন্য খুবই গৌরবের এবং আনন্দের।

তবে এ সময় তিনি এ ধরনের বড় আসরে অংশগ্রহণে নানা ধরণের প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন’।

প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আদনান ফাহাদ বলেন, ‘আমাদের মানসিকতার উন্নয়ন ঘটানো প্রয়োজন। সাগরের মতো এমন প্রতিভাবান ব্যক্তিদের যথাযথা সম্মান ও উৎসাহ প্রদান করলে তারা আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। সাগর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় আমরা পুরো বিশ্ববিদ্যালয় গর্বিত’।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা, সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআইএস