যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা স্বপ্নে বিভোর আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা সুসংবাদ পেল। ইনজুরি কাটিয়ে ফাইনালে খেলার জন্য প্রস্তুত রয়েছেন আর্জেন্টিনা শিবিরের অন্যতম সেরা তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।
ফাইনালের আগে ডি মারিয়ার ইনজুরি নিয়ে ধোঁয়াশা কাটছিল না। তবে শনিবার মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো জানান, ‘কেবল আগুস্তো আর লাভেজ্জাকে ছাড়া বাকি খেলোয়াড়দের পাওয়া যাবে।’
এর মানে ফাইনালে খেলার জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা ডি মারিয়া। গত বুধবার আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছিলেন, ডি মারিয়া ফাইনালে খেলার জন্য ‘ফিট’ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার তিনি অনুশীলনেও নেমেছিলেন। কিন্তু পুরো সেশন শেষ করতে পারেননি। পরীক্ষা করার পর তার চোটের অবস্থার পরিবর্তন ধরা পড়ে বলে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ )
গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান উরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ডি মারিয়া। এরপর থেকে চলছে তার সেরে উঠার প্রক্রিয়া।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি ডি মারিয়া। গত বছর চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়া ফাইনালেও চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। বিশ্বকাপে ডি মারিয়া সে ম্যাচে থাকলে আর্জেন্টিনার ভাগ্যে অন্য কিছুও হতে পারতো বলে বিশ্বাস অনেক আর্জেন্টাইন ভক্তদের। তবে আগামীদিনের ম্যাচের জন্য ডি মারিয়া ফিট বলে স্বস্তি ফিরেছে আলবিসেলেস্তে শিবিরে। দারুণ ফর্মে থাকা মেসি-হিগুয়েনদের সঙ্গে আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশনে চেনা রূপে দেখা যেতে পারে ডি মারিয়াকে।
এমই





