এতদিনের গুঞ্জনকে সত্যি করে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের পদত্যাগী কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

এই নিয়োগের খবর জানিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে একটি চিঠি পাঠিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। 

চন্দ্রিকা হাথুরুসিংহে ২০১৪ সালে দুই বছরের জন্য নিয়োগ পান বাংলাদেশে। ২০১৬ সালে তার মেয়াদ বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত করা হয়। তিনি বাংলাদেশকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছিলেন।

কিন্তু কিছুদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের একপর্যায়ে তিনি হঠাত্ করেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবির কাছে। সেই সঙ্গে বাংলাদেশের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন।

প্রথমে বোর্ড অনুমান করেছিল, কোনো অভিমান থেকে এই কাজ করেছেন কোচ। পরে জানা যায়, শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে পারেন তিনি। এবার এসএলসি সভাপতির চিঠিতে পরিষ্কার হলো যে, নিজের দেশের দায়িত্বই নিচ্ছেন হাতুরুসিংহে।

চিঠিতে এসএলসি সভাপতি লিখেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের ক্রিকেট কমিটি আমাকে বলেছে যে, বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব থেকে চন্দ্রিকা পদত্যাগ করেছেন কি না, সেটা খবর নিতে। যদি হাথুরুসিংহেকে পাওয়া যায়, তাহলে কমিটি তাকে জাতীয় কোচ হিসেবে নিয়োগ দিতে চায়।

এএস