বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন তিনি কখনো ক্লাবের জন্য সমস্যা হয়ে থাকতে চান না। যখন ক্লাব ও নিজের জন্য ভালো করবেন তখন তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।

জার্মান ক্লাবের সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। ইতোমধ্যে তিনি ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিতে রাজি হয়েছেন-এমন বিষয়সহ কাতালান কোচের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

৪৪ বছর বয়সী এই কোচ এখন পর্যন্ত তার পরিকল্পনার কথা প্রকাশ করেননি। তবে জানিয়েছেন, এটা নিশ্চিত নয় যে তিনি অ্যালিয়ান্জ অ্যারিনায়ই থাকছেন।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, "আমি বায়ার্নের কোচ এবং এখানে এসে আমি গর্বিত। এখন পর্যন্ত আমার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। যখন আমি সিদ্ধান্ত নিব তখন অবশ্যই ক্যাল রামিনিজ, ম্যাথিয়াস ও উলি হোয়েনেসকে জানাব।"

সাবেক বার্সেলোনা কোচ আরো বলেন, "আমাদের এখনও অনেক সময় আছে। তবে আমি যদি চুক্তির মেয়াদ বৃদ্ধি করি সেটা অবশ্যই ক্লাবের ভালোর জন্য করব। আমি বায়ার্নের জন্য কোনো সমস্যা হয়ে থাকব না। আমি আমার সর্বোচ্চ ভালো করেছি, করছি এবং ভবিষ্যতেও করব।"

অন্য ক্লাবের সঙ্গে চুক্তির বিষয় তিনি বলেন, "অন্য কোনো ক্লাব থেকে আমি কোনো চুক্তির প্রস্তাব পাইনি।"

জেডআই